মুন্সিগঞ্জে এখন পর্যন্ত হামে হাসপাতালে ভর্তি ১১৪ জন, সবশেষ ঢাকায় প্রেরণ ২ জন
8

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের তৎপরতার মধ্যে চলতি বছর এখন পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার সরকারি হাসপাতালগুলোতে হাম ও হাম-সন্দেহভাজন রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে। বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২ জন এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার নতুন করে ৬ মাস বয়সী এক শিশুসহ ১৪ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষায় আরও ৪ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত (পজিটিভ কনফার্ম) হয়েছে।

এদিকে জটিল উপসর্গ দেখা দেওয়ায় সবশেষ দুইজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, চোখ লাল হওয়া বা কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ