মুন্সিগঞ্জের গুয়াগাছিয়ায় সেনাবাহিনীর অভিযান: নয়ন-পিয়াসের সোর্স আটক
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত জনপদ গুয়াগাছিয়া এলাকায় টানা দ্বিতীয় দিনের মত অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে পুলিশের তালিকায় চিহ্নিত ‘নৌ ডাকাত’ নয়ন ও পিয়াস সরকারের অন্যতম সোর্স সালাউদ্দিনকে চরচাষী এলাকা থেকে আটক করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন (২৩) নয়ন-পিয়াসের সোর্স হিসাবে এলাকায় কাজ করতো। আইনশৃঙ্খলা বাহিনীর আসা-যাওয়ার খবরসহ এলাকার পরিস্থিতি জানানো তার কাছ ছিলো।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত; গত বৃহস্পতিবার সকালে ব্যান্ড পার্টি বাজিয়ে শোডাউন দিয়ে এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন-পিয়াস। পরে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। রাতেই এলাকায় ৩ জনকে গণপিটুনির ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালে প্রথম দফায় ও আজ শনিবার সকালে দ্বিতীয় দফায় এলাকাটিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। কিন্তু এই দুইদিনে নয়ন-পিয়াসের কোন অস্তিত্ব এলাকায় পাওয়া যায়নি।


