মিরকাদিমে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার অধীনস্ত রিকাবিবাজার মূল সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মিরকাদিম পৌরসভার উদ্যোগে সোমবার বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আহসান হাবিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল দোকানপাট উচ্ছেদ করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, মিরকাদিম পৌরসভার পৌর প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমানের নির্দেশে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।
পৌর প্রশাসন জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









