মুন্সিগঞ্জে ফাকা রাস্তায় কিশোরী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক কিশোরী যাত্রীকে (১৭) ফাঁকা রাস্তায় অটোরিকশা থামিয়ে মুখ চেপে ধরে ধইঞ্চা ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে চালককে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আরিফ হোসেন (২৮)। সে উপজেলার দেউলভোগ এলাকার করিম শেখের ছেলে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে তিনি জানান, গত ২১ জুন বিকাল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী কিশোরী নিমতলা অটোস্ট্যান্ড থেকে আসামি আরিফের অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি শ্রীনগর থানাধীন ষোলঘর পাকিড়াপাড়া বটতলা এলাকায় পৌঁছালে চারপাশ ফাঁকা দেখে চালক আরিফ গাড়ি থামায় এবং কিশোরীকে নেমে যেতে বলে। আশেপাশে কেউ না থাকার সুযোগে আরিফ জোরপূর্বক কিশোরীর মুখ চেপে ধরে মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড সংলগ্ন একটি ধইঞ্চা ক্ষেতের ভেতর নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে কিশোরী সজোরে ধাক্কা দিয়ে আসামির কাছ থেকে ছুটে পালিয়ে রাস্তায় চলে আসে এবং চিৎকার শুরু করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে নিজেদের হেফাজতে নেয়। পরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার দিন রাতেই অভিযুক্ত অটোচালক আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।








