মাওয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যায়ে ‘মাস্টারপ্ল্যান’ পরিকল্পনা বিআইডব্লিউটিএ’র
মুন্সিগঞ্জ, ২০ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মা সেতু ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন হাব গড়ে তুলতে চায় বিআইডব্লিউটিএ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়ায় সংস্থাটির ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের সামনে পরিকল্পনা উপস্থাপন করে তারা।
সেখানে বলা হয় ৭৫৬ কোটি টাকা ব্যায় করে ২৯ দশমিক ৩১ একর জমি নিয়ে বাস্তবায়িত হবে ‘মাস্টার প্লান’।
যেখানে থাকবে- নদী থেকে সংগৃহীত বিভিন্ন জীব-বস্তু নিয়ে রিভার মিউজিয়াম, নদীর পাড়ে রাতযাপনের জন্য ইকো রিসোর্ট, অবকাশ যাপনের জন্য সুইমিং পুল, শিশুদের উপভোগ্য কিডস জোন, শিমুলিয়া ঘাটের পুরোনো ঐতিহ্য ধরে রাখতে নদীতীরে একটি ফেরিঘাট পুনঃস্থাপন ইত্যাদি।
এছাড়া পুরো এলাকাটিকে ৪টি জোনে ভাগ করা হবে। ‘জোন এ’ তে থাকবে মোংলা বন্দরের আদলে ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল ও বিআইডব্লিউটিএর নিজস্ব আইটি ভবন, ‘জোন-বি’ তে থাকবে ট্রাক পার্কিং এড়িয়া, ‘জোন-সি’ তে থাকবে এডমিনিস্ট্রিভ এড়িয়া, ‘জোন-ডি’ তে থাকবে ফেরিঘাটের জন্য বাস পার্কিং। এছাড়া থাকবে ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, ওয়াকওয়ে ইত্যাদি।
তবে, বিআইডব্লিউটিএ পরিকল্পনাটি উপস্থাপন করলেও এর বাস্তবায়ন নিয়ে তেমন কোন অগ্রগতি জানায়নি সংস্থাটি। কিভাবে এই বিপুল অর্থের জোগান দেয়া হবে সি বিষয়টিও পরিস্কার হয়নি সভায়।
তবে, নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন অর্থযোগানে বেশ কিছু সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেছেন, স্থানীয় অনেক বেসরকারি উদ্যোক্তা রয়েছেন অথবা মুন্সিগঞ্জ জেলা প্রশাসন একটা উদ্যোগ নিতে পারে। পর্যটনকেন্দ্রের জন্য তারা চাইলে বিআইডব্লিউটিএ’র অধিগ্রহণকৃত জমি আমরা তাদের দিতে পারি, কিন্তু তারা সেটি নিয়ে আসলেই এখানে পর্যটনকেন্দ্র করতে পারবে কি না সে বিষয়গুলোও দেখতে হবে। প্রয়োজন হলে দিবো, বিনিময়ে আমরা একটা রেভিনিউ নিলাম। কিন্তু চাইলেই তো দিয়ে দিতে পারি না।
তিনি বলেন, আমরাও চেষ্টা করবো, পরবর্তী বাজেটে যাতে বিষয়টি উঠে আসে। পর্যটনকেন্দ্র করার কাজ আমাদের মন্ত্রণালয়ের না, কিন্তু আমরা প্রকৃতির কথা মাথায় রেখে ইকো কনটেইনার পোর্ট করতে পারি। তাছাড়া একটি ফেরিঘাট এখানে রাখাটা জরুরি। বিশ্বের বিভিন্ন দেশে তাদের পুরোনো ঐতিহ্যগুলো রাখে। আমরাও রাখতে চাই।
বৃহস্পতিবার নৌ উপদেষ্টা নামফলক উদ্বোধনের মধ্য দিয়ে শিমুলিয়া ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত হয়। পরে ইন্সটিটিউটের অডিটোরিয়ামে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শেষে উপদেষ্টা ২ সপ্তাহব্যাপী ‘বেসিক ড্রেজিং কোর্স’-এ অংশগ্রহণকারী মেরিন ইন্সটিটিউটসহ বিভিন্ন দপ্তরের অর্ধশতাধিক শিক্ষার্থীকে পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সাথে কথা বলেন।
দুপুর দুইটার দিকে বিআইডব্লিউটিএর জাহাজ ‘পরিদর্শী’তে চড়ে পদ্মা নদী ঘুরে দেখেন উপদেষ্টা।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. শাহজাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


