মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর
১২৩

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং বাসের এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।

দুর্ঘটনার পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক ঘটনাস্থলের পরিস্থিতি দেখে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পরপর দুটি দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ