ভোর সকালে মাওয়া ঘুরতে এসে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল যুবকের
মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শুক্রবার ভোরে ঢাকা থেকে রওনা হয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে ঘুরতে এসে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’র সিরাজদিখান উপজেলার কুচিয়োমাড়া এলাকায় প্রাণ গেছে মোটরসাইকেল চালক মো. রাকিবের (২৪)। এসময় আহত হন সজল আহমেদ নামের এক আরোহী।
নিহত রাকিব ঢাকার দয়াগঞ্জ, ধোপখোলা এলাকার মো. খলিলের পুত্র।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুইটি মোটরসাইকেলে করে চারজন বন্ধু মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করেন। ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রীজের উপর মাওয়ামুখী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিব নিহত হন।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার কর্মকর্তা।


