ভারতকে হারিয়ে সাফের মুকুট বাংলাদেশের কিশোরদের
135
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশের কিশোররা। গত আসরের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। তবে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে ভারতকে হারায় স্বাগতিক বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল ৫টায় খেলা শুরু হয়।
টাইব্রেকারে বাংলাদেশের পক্ষে গোল করেন আতিকুজ্জামান, ফাহিম মোরশেদ, জাহাঙ্গীর ও সাদ উদ্দিন।
খেলার শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশ। একাধিকবার শাওন-সাদ-মুজতাবারা ভারতের শিবিরে আক্রমণ চালায়। তবে প্রথমার্ধে কেউই গোল আদায় করতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়ে ৪৭ মিনিটে ফাহিম মোরশেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)।
তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ভারত। ম্যাচের ৬৩ মিনিটে অময় অভিনাশের দূরপাল্লার জোরালে শটে সমতায় (১-১) ফেরে ভারত।
এরপর বাংলাদেশের কিশোররা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল দিতে পারেনি। একইভাবে ভারতের কেউ গোলের ঠিকানা খুঁজে পায়নি।
মাঠে উপস্থিত ২০ হাজারেরও বেশি দর্শককে শেষ পর্যন্ত জয়ের আনন্দে ভাসিয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলার কিশোররা।
এর আগে এমন সাফল্য আসেনি। ২০১০ সালের প্রথম আসরে চতুর্থ স্থান আর ২০১৩ সালের দ্বিতীয় আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ।
গত ৯ আগস্ট থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপে একের পর এক সাফল্য এনে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ দল।
স্বাগতিকরা প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ৪-০ গোলে বিশাল জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ২-১ গোলে হারিয়ে স্বাগতিকরাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ফলে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা। স্বপ্ন জাগে ফাইনালে খেলার। বাস্তবেও ঘটছে তাই।
এর আগে ফাইনালে পৌঁছার প্রধান বাধা ছিল আফগানিস্তান। বি-গ্রুপের রানার্সআপ আফগানিস্তানকেও ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচ শেষে সাফের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ বাফুফের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত ম্যাচের ৮৯ মিনিটের সময় হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাটে স্টেডিয়ামের সকল বাতি নিভে যায়। সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে অনাকাঙ্খিত এ ঘটনার পর ৭টা ৬ মিনিটে ফের স্টেডিয়ামের আলো জ্বলে উঠে।
ফ্লাড লাইট জ্বলার পর অবশেষে ৭টা ৮ মিনিটে আবারও অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়।
এছাড়া অনেক দর্শক টিকিট করেও খেলা দেখতে পারেনি বলে অভিযোগ করেছেন। অতিরিক্ত দর্শক চাপ নিয়ন্ত্রণে খেলা শুরুর আগে বিকেলে পুলিশকে একপর্যায়ে লাঠিচার্জ করতে হয়।
বাংলাদেশ স্কোয়াড: মো. শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোরশেদ, মো. হৃদয়, মো. শাওন, ইমন খাঁন, সাদ উদ্দিন, ফয়সাল আহমদ, মো. আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, মো. খলিল ভূঁইয়া এবং মো. মোস্তাজিব খাঁন।
ভারত স্কোয়াড: প্রভুসুখান সিং (অধিনায়ক), মো. সাকলাইন খাঁন, আজিন টম, মো. রাকিপ, জিয়াংচু রঙমেই, মো. শাহজাহান, অময় অভিনাশ, রাহিম আলী, অভিজিৎ সরকার, জেরেরমাই লালদিনপুইয়া ও আর আইমল।
শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ