বিদেশ ফেরৎ স্বামী বাজার থেকে ফিরে দেখলেন বউয়ের লাশ!
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে নাদিয়া আক্তার ঝিলিক (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধাদিয়া গ্রামে স্বামী শাহীন মোল্লার বসত বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া আক্তার ঝিলিক সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের হিরো মিয়ার মেয়ে এবং এক সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, নাদিয়া আক্তার ঝিলিক তার স্বামী প্রবাসে থাকার সুবাদে দীর্ঘদিন ধরে ছাতিয়ানতলী গ্রামে তার পিত্রালয় বসবাস করে আসছিলেন। তিন মাস পূর্বে স্বামী দেশে ফেরার পর অনুমান দেড়মাস আগে স্বামীর বাড়ীতে গিয়ে উঠেন। সেখানে তিনি স্বামীকে নিয়ে আলাদা ভাবে সংসার করছিলেন।
গত শুক্রবার বিকালে স্বামী শাহীন মোল্লা বাজার থেকে বাড়ীতে ফিরে ঘরের দুয়ার ভেতর থেকে বন্ধ পান এবং এক পর্যায়ে ঘরের দুয়ার খুলে স্ত্রী নাদিয়া আক্তার ঝিলিককে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷
পরে ঝুলন্ত স্ত্রীকে নিচে নামিয়ে ওইদিন বিকাল ৫ টায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।
মৃতের শ্বশুর কফিল উদ্দিন মোল্লা জানান, এ ব্যপারে আমি কিছুই জানি না। সিংপাড়া বাজারে ছিলাম তখন ফোনে শুনলাম বৌ নাকি গলায় দড়ি দিয়েছে!
‘আমার ছেলে দেশে আসার পর দেড় মাস আগে আমাদের বাড়ীতে বৌকে নিয়ে আসে। তারা ভিন্ন খায় তাই তাদের সাথে তেমন কথাবার্তা হয়না। মাঝে মধ্যে বাড়ীতে কিস্তির লোকজন আসতো।’
এ বিষয়ে মৃতের বড়ভাই মো. সোহাগ জানান, আমি এখন কারোর বিরুদ্ধে অভিযোগ করবো না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে, তারপর আপনাদের জানাবো।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, এটা আমাদের থানার বিষয় না। খবর পেয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।





