২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৪১
ফ্যাক্টচেক: ভূমিকম্পে মুন্সিগঞ্জকে জড়িয়ে প্রধান ‍উপদেষ্টার পেজ থেকে ভুল প্রচার
খবরটি শেয়ার করুন:
187

মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে বেলা ১২:১০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য’ শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বীকৃত ফেসবুক পেজ থেকে আজ শুক্রবার দুপুরে একটি পোষ্ট করা হয়।

সেখানে ৭ নম্বর পয়েন্টে ‘মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট গমন করেছে’ তথ্য উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তথ্যটি সঠিক নয়।

আমার বিক্রমপুর বিভিন্ন সূত্রে নিশ্চিত হতে পেরেছে যে, মূলত বেলা ১১টা ২৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মুগড়াপাড়া এলাকায় দ্বীন ইসলাম নামের এক ব্যক্তির প্লাষ্টিক থেকে ‍তুলা তৈরির কারখানায় আগুন লাগে।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস থেকে সেখানে দুইটি ইউনিট ১১টা ৩৮ মিনিটের দিকে পৌছায় এবং ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

একইসময় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া ভাংতি এলাকায় বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকে স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়ার গোডাউনে আগুন লাগে। ফলে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের টিম সেখানে ব্যস্ত থাকায় মুন্সিগঞ্জ থেকে টিম যায় নারায়ণগঞ্জের মোগড়াপাড়ায় আগুন নির্বাপণে।

কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কোথাও কোন বাসাবাড়িতে আগুনের ঘটনা ঘটেনি।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া আমার বিক্রমপুরকে এসব তথ্য জানান।