পঞ্চসারে ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, মালিককে ৬ মাসের জেল
মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে সোমবার (২৪ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সিগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে সজীব (৩০) নামে এক ব্যক্তির মালিকানাধীন কারখানা থেকে অবৈধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিলসহ আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে কারখানার মালিক সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেল (২৮) নামে তিন শ্রমিককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।








