ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ ট্রাক পার্কিংয়ে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
29

মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৬, আজিজুল হক পার্থ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে মালবাহী ট্রাক পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেডের কাঁচামাল বহনকারী কয়েকশ মালবাহী ট্রাক ঢাকা অভিমুখী লেনের প্রায় এক কিলোমিটারজুড়ে পার্কিং করে রাখা হয়েছে। ফলে মহাসড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে কারখানার ভেতরে ও বাইরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

নিয়মিত এই সড়কে চলাচলকারী স্টার লাইন পরিবহনের চালক নূর হোসেন বলেন, প্রতিদিনই এই পথে যাতায়াত করি। মহাসড়কের এই অংশে পৌঁছালে ধীরগতিতে চলতে হয়। অনেক সময় দীর্ঘ যানজটের মুখে পড়তে হয়। সড়কের পাশে দীর্ঘ এলাকা জুড়ে ট্রাক পার্কিং দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাউশিয়া শান্তিনগর এলাকার বাসিন্দা মো. রাজিব জানান, অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ট্রাকগুলো মহাসড়কের পাশের হাঁটার পথও দখল করে রাখে। ফলে স্থানীয়দের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হয়। এ বিষয়ে প্রতিবাদ করলেও অনেক সময় হামলা-মামলার হুমকি দেওয়া হয়।

তবে ট্রাকচালকদের দাবি, নির্ধারিত পার্কিং সুবিধা না থাকায় তারা বাধ্য হয়ে মহাসড়কের পাশে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে ভুট্টা নিয়ে আসা ট্রাকচালক মফিজ বলেন, পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই ঝুঁকি জেনেও মহাসড়কের পাশে ট্রাক রাখতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে এই এলাকায় অবৈধ ট্রাক পার্কিংয়ের কারণে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেডের অ্যাডমিন অফিসার আজহারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অবৈধ পার্কিং বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনও বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করছি দ্রুত এ সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হবে।

স্থানীয়দের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো দেশের অন্যতম ব্যস্ত সড়কে অবৈধ ট্রাক পার্কিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যানজট ও দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ