ঝুঁকি মোকাবিলা: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মুন্সিগঞ্জে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
39

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’।

আজ শুক্রবার সকালে পরিবেশবাদী সংগঠন ‘মুক্ততরী’ ও আন্তর্জাতিক জলবায়ু সংগঠন ৩৫০ বাংলাদেশ–এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে মুক্ততরীর সংগঠক মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক রাকিবুল হাসান, সিনিয়র সংগঠক আবু মো. রুইয়াম, রাজু ও অর্ণবসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর সবচেয়ে ভয়াবহ প্রভাবের মুখে পড়ছে দেশটি। অসময়ের বন্যা, তীব্র তাপপ্রবাহ, নদীভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

আয়োজকেরা জানান, এবারের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের মূল প্রতিপাদ্য ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

সমাবেশে মো. জিহাদুল ইসলাম বলেন, পৃথিবীকে বাঁচাতে এখনই কার্বন নিঃসরণ কমাতে হবে। উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং জলবায়ু তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে হবে।

বক্তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানো, নদী রক্ষা ও গাছ কাটা বন্ধ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তরুণদের জলবায়ু আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান জানান। আয়োজকেরা বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ