চীনে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মুন্সিগঞ্জের ওয়াফি, তানভীর ও মাহিম
১৩৮

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

স্বপ্ন ফুটবল ঘিরে, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখা। সেই স্বপ্ন নিয়ে চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মুন্সিগঞ্জের তিন তরুণ ফুটবলার। তারা হলেন শ্রীনগরের মোসাদ্দেক হোসাইন ওয়াফি এবং সিরাজদিখানের তানভীর সারোয়ার ও মাহিম আহমেদ।

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানভীর ও মাহিম বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য হিসেবে চীনের সুচৌ শহরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। অন্যদিকে, শ্রীনগরের তরুণ ফুটবলার মোসাদ্দেক হোসাইন ওয়াফিও একই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে বলে জানা গেছে।

আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইএসএফ ফুটবল প্রতিযোগিতাটি। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক এই আসর তাদের নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দেবে।

তানভীর সারোয়ার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। সে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র মাহিম আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এই তিন তরুণের জন্য বড় অর্জন। তাদের এমন সাফল্যে আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী। তাদের এই যাত্রা মুন্সীগঞ্জের তরুণ প্রজন্মের মধ্যেও ফুটবল নিয়ে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরুক ওয়াফি, তানভীর ও মাহিম—তাদের সাফল্যে গর্বিত হোক মুন্সীগঞ্জসহ পুরো বাংলাদেশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ