১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৭:৪১
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব মুন্সিগঞ্জে
খবরটি শেয়ার করুন:
32

মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে মুন্সিগঞ্জের বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জেলার টংগিবাড়ী ও লৌহজং উপজেলার অন্তত ২০ টি গ্রামের লোকজন দিন কাটাচ্ছেন ভাঙন আতঙ্কে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আকাশে মেঘ রয়েছে। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমন অবস্থা থাকতে পারে আগামীকাল পর্যন্ত।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। জোয়ারের পানি ২ থেকে ৪ ফুট বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মুন্সিগঞ্জে এই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত।

অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গত দুইদিন যাবৎ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।