কাল বেলা ১১টায় হরগঙ্গা কলেজের জামতলায় গণসংগীত, থাকবে দেশের গান
মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
কাল মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের জামতলায় গণসংগীতের আয়োজন করেছে “কালের ছবি” নামের একটি সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গণসংগীত চর্চায় কাজ করে যাচ্ছে ‘কালের গান’।
“গাইবো একসাথে, চলবো জয়ের পথে”—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাল দেশের গান ও গণসংগীত পরিবেশন করবো।
জানা যায়, ‘কালের ছবি’ সংগঠনের উদ্যোগে ২০১৩ সালে গঠিত হয় ‘কালের গান’ রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকেই দলটি সম্মিলিতভাবে দেশাত্মবোধক গান ও বাংলা গণসংগীত পরিবেশন করে আসছে।
‘কালের ছবি’ একটি সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন, যা ২০০৮ সাল থেকে সামাজিক দায়িত্ববোধ থেকে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটির সাংস্কৃতিক শাখা হিসেবে ‘কালের গান’ কাজ করছে।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, তারা শুধু বিনোদনের জন্য নয়, বরং দেশ ও মানুষের কথা তুলে ধরার মাধ্যম হিসেবে গণসংগীতকে বেছে নিয়েছেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে গণসংগীতের চর্চা ছড়িয়ে দিতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


