৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:৫১
করোনা: মুন্সিগঞ্জের শ্রীনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
খবরটি শেয়ার করুন:
64

মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় করোনা ভাইরাস আতঙ্ককে পুজি করে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রির দায়ে ও মূল্য তালিকা না রাখার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

শনিবার (২১ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ রোডের পাশে চালের দোকান স্বর্ণা রাইস ষ্টোরের কর্ণধার রমজান রহাসেনকে ১০ হাজার টাকা, ভাই ভাই রাইস এজেন্সীর রুবেল বেপারীকে ১০ হাজার টাকা, আটা, ডাল, ভোজ্য তেল বিক্রির প্রতিষ্ঠান ভাই ভাই ষ্টোরের মো. হেদায়েতুল ইসলাম বাচ্চুকে ৫ হাজার টাকা ও পিয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান প্রীতম ষ্টোরের পরিচালক বাসু দাসকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই আজিজসহ পুলিশ সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, অসাধু ব্যবসায়ীরা করোনা ভাইরাসের আতঙ্ককে পুজি করে নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছিল। এছাড়াও দোকানে মূল্য তালিকা ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা