এনভিডিয়া কেলেঙ্কারি: অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি: অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক
২১

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে তার পদ থেকে সরানোর ব্যাপারে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এআই চিপ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সৃষ্ট গুপ্তচর কেলেঙ্কারির প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হয়েছে।

এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে’র সম্পর্ক ফাঁস হওয়ার পর থেকেই মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন লুটনিক। অনেক আইনপ্রণেতার অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের বেশ কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কালো তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে এবং চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর সরকার যথাযথ নজরদারি করেনি।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকরগুলো বন্ধ করেননি। উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী না করে, তা নিশ্চিত করতে তাদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্রের বরাতে জানা গেছে, সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতি এলিজাবেথ ওয়ারেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির পরবর্তী চেয়ারম্যান ক্রিস কুনস সম্প্রতি যৌথভাবে লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি লিখেছেন। চিঠিতে তারা প্রশাসনকে এনভিডিয়া কর্তৃক চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিষয়ক সমস্ত নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা লুটনিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন—রয়টার্সের এমন প্রতিবেদনের পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী এবং তার দায়িত্ব পালনের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এদিকে সিএনএনের এক সাক্ষাৎকারে রিপাবলিকান সিনেটর জন কেনেডি জানিয়েছেন, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি এবং আরও বেশ কয়েকজন আইনপ্রণেতা এ ব্যাপারে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান এবং কংগ্রেস তাকে তলব করার পরিকল্পনা করছে।

২০২৫ সালের অক্টোবর মাসের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন বাণিজ্য বিভাগ নতুন কোনো কোম্পানিকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেনি বলে জানা গেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ