হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আটক দুই
সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবনের কাছে দুটি পৃথক নিরাপত্তা ঘটনার পর হোয়াইট হাউসকে কিছু সময়ের জন্য লকডাউন করা হয়। প্রথম ঘটনায় একটি গাড়ি লাফায়েট পার্কের সংলগ্ন ফুটপাতে উঠে পড়ে এবং দ্বিতীয় ঘটনায় এক ব্যক্তি ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। মার্কিন সিক্রেট সার্ভিস এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঠিক বিপরীতে লাফায়েট পার্কের নিরাপত্তা সংক্রান্ত সাইনবোডের খুঁটিতে বেপরোয়া গতিতে আঘাত হানে একটি গাড়ি। ওই গাড়ির চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে হোয়াইট হাউসের নিরাপত্তা বাহিনী। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন এবং নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্ট ভবনের আশপাশে চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রুপালি রঙের সেডান গাড়ি লাফায়েট স্কয়ারের উত্তর প্রান্তের বাঁধানো এলাকায় উঠে গিয়ে একটি সাইনবোর্ড খুঁটিতে আঘাত করে। সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি থেকে ধোঁয়া বের হওয়ার সময় চালক বেরিয়ে আসেন এবং সিক্রেট সার্ভিস ও ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টার দিকে লাফায়েট পার্কের উত্তর দিকে ১৬তম স্ট্রিট ও এইচ স্ট্রিট এনডব্লিউয়ের সংযোগস্থলে এই গাড়ি দুর্ঘটনা ঘটে। গাড়িচালক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করলেও দ্রুত তাকে হেফাজতে নেওয়া হয়। তবে চালকের পরিচয় কিংবা ঘটনার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রায় একই সময়ে লাফায়েট পার্কের উত্তর-পশ্চিম কোণের কাছে আরেক ব্যক্তি ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাকেও নিরাপত্তা কর্মীরা দ্রুত গ্রেপ্তার করেছেন।
নিরাপত্তা অভিযান শেষ হওয়ার পর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের পর লকডাউন তুলে নেওয়া হয় এবং কর্তৃপক্ষ এলাকাটি পুনরায় স্বাভাবিক করে তোলে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, উভয় ঘটনাই তদন্তাধীন রয়েছে এবং কেউ আহত হয়েছেন কি না কিংবা দুর্ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।









