আড়িয়াল বিল ঘিরে ১০টি উন্নয়ন পরিকল্পনা, বদলে যাবে চেহারা
মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী আড়িয়াল বিল ঘিরে ১০টি পরিকল্পনা গ্রহণ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে আড়িয়াল বিলের চিত্র। উন্নত হবে এ অঞ্চলের কৃষকের জীবনমান। বাড়বে কৃষি বাণিজ্য। এছাড়া বিলের পানি ও ভূমি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এই প্রকল্পগুলো গ্রহণের অন্যতম উদ্দেশ্য।
আজ সোমবার শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা’ শীর্ষক ‘মতবিনিময় কর্মশালা’য় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালার যৌথ আয়োজন করে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এবং শ্রীনগর উপজেলা প্রশাসন।
পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- আড়িয়াল বিলে ২৬টি মাটির বাঁধ অপসারণ, ৫২ কিলোমিটার খাল পুনঃখনন, ১০ টি লোডিং ব্রিজ, পথচারীদের চলাচলের জন্য RCC ও স্টিল ফ্রেম ব্রিজ, খালের উৎস ও পতিতমুখে ১৩.৬ কিলোমিটার সিসি ব্লক, ১৪০টি সেফটি ট্যাংক অপসারণ ও পুনর্নির্মাণ, জনবসতিপূর্ণ এলাকায় ১০০টি ডাস্টবিন নির্মাণ, খাল রক্ষায় সীমানা নির্ধারণকারী ১হাজার ৩৩০টি খুঁটি স্থাপন, ৪৫ কিলোমিটার নিষ্কাশন খাল ও নদী পূর্ণ খনন এবং পানি নিয়ন্ত্রণে ১টি রেগুলেটর নির্মাণ।
কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত হন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহ্সান। সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) আব্দুল লতিফ মোল্লা এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান।
কর্মশালায় ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। যেখানে আড়িয়াল বিলের পানির প্রবাহ, জমি ব্যবস্থাপনা, জলাবদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক উঠে আসে। আলোচনায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব চাষাবাদ, জলাবদ্ধতা নিরসন, এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উপর বিশেষ জোর দেন। তারা মত প্রকাশ করেন যে, এ ধরনের সমন্বিত উদ্যোগ আড়িয়াল বিলকে একটি টেকসই ও উন্নয়নমুখী অঞ্চলে রূপান্তর করতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিক্রমপুর খাল বিল জলাশয় পুনরুদ্ধার বাস্তবায়ন ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সভাপতি মুহম্মদ জাহাঙ্গীর খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এ ধরনের সমন্বিত প্রচেষ্টা ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আড়িয়াল বিল একটি পরিবেশ ও উন্নয়ন সহনশীল অঞ্চলে রূপান্তরিত হবে।
কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


