২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:০৬
অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে মুন্সিগঞ্জে র‌্যালী, আলোচনা ও মেলা
খবরটি শেয়ার করুন:
187

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং অভিবাসন মেলার উদ্বোধন করা হয়।

মেলায় সর্বমোট ৮টি স্টল নিয়ে বসে- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, বেসরকারি সংস্থা (এনজিও)- অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ), ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও ক্রাউন সিমেন্ট।

মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনের পর তিনি আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ নাহিদা পারভীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মুন্সিগঞ্জের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাস প্রত্যাগত প্রবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্নার্স বোর্ডের আওতায় প্রদত্ত ঋণের চেক বিতরণ করা হয়।