সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’
মুন্সিগঞ্জ সিরাজদিখানে মো. সাদ্দাম সিকদার (২৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামে সাদ্দামের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাদ্দাম আত্মহত্যা করেছেন।
মো. আজিজুল হক আরো জানান, বুধবার সকালে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় সাদ্দামের ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাদ্দাম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলেও উল্লেখ করেছেন এসআই।









