সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক মুন্সিগঞ্জের রাফিজকে সংবর্ধনা দিলেন ডিসি
মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে সংবর্ধনা দিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
আজ রোববার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী রাফিজকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় তিনি রাফিজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আরও নিবিড় অনুশীলনের মাধ্যমে দেশের জন্য বড় অর্জন বয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশ দলের অন্যতম ভরসা ছিলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান রাফিজ। তার দুর্দান্ত গোলরক্ষণ, নৈপুণ্য ও সাহসিকতায় দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





