মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতা ও মারামারির জেরে বাড়িতে ঢুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে রাজু আহমেদ নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় আয়নাল হক ছেলে।
নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সাথে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান, রোববার রাতে নিহত রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের তর্কাতর্কি ও এক পযার্য়ে মারামারি হয়। এসময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজু’র বাড়িতে হামলা করে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করলে তাকে বাঁচাতে গেলে পরিবারের সকল সদস্যকে পিটিয়ে আহত করে।
পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ রুহুল আমিন জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে মৃত অবস্থায় রাজুকে হাসপাতালে আনা হয়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক কোন দ্বন্দ্বে হত্যা তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।









