মুন্সিগঞ্জের মোল্লাকান্দির মেয়ে সারার ইতালি জয়, জাতীয় গণিত অলিম্পিয়াডে তৃতীয়
মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচরের কৃতি সন্তান ও ইতালিপ্রবাসী মেধাবী শিক্ষার্থী সারা মোহাম্মদ শহীদ শিক্ষা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে প্রবাসে বাংলাদেশের পাশাপাশি মুন্সিগঞ্জের নামও উজ্জ্বল করেছেন। তার এই কৃতিত্ব ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।
সারা বর্তমানে ইতালির ভেনিস শহরের আইসিএস ‘ফ্রান্সেসকা কুয়েরিনি’ স্কুলের ৩য় মিডিয়া শ্রেণির একজন শিক্ষার্থী। অল্প বয়সেই তিনি বিদ্যালয়ের অন্যতম প্রতিভাবান ছাত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি তিনি কেমব্রিজ ইংলিশ টেস্টে সর্বোচ্চ ‘গ্রেড এ’ অর্জন করেছেন। পরীক্ষার লিসনিং ও স্পিকিং—উভয় বিভাগেই তিনি ১৭০-এর মধ্যে পূর্ণ ১৭০ নম্বর পেয়েছেন, যা তার ইংরেজি ভাষার অসাধারণ দক্ষতার প্রমাণ।
এছাড়া ইতালির শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত ৩৬তম জাতীয় যুক্তি ও গণিত অলিম্পিয়াডে দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে সারা তৃতীয় স্থান অর্জন করেছেন। ইতালির পলিটেকনিকো দ্য বারি-এর পৃষ্ঠপোষকতায় গণিতবিদ গ্রেগোরিও স্ক্যাচি কারবাস্ত্রা এবং পেত্রো ল্যাক্স-এর স্মরণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অলিম্পিয়াডে তার এ সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
শুধু গণিতেই নয়, ইংরেজি ভাষার আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও সারা নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। ইউরোপের অন্যতম জনপ্রিয় ইংরেজি প্রতিযোগিতা ‘দ্য বিগ চ্যালেঞ্জ’-এ ৩৫০ নম্বরের মধ্যে ৩৩০ নম্বর পেয়ে তিনি নিজের স্কুলে প্রথম স্থান অর্জন করেছেন।
মুন্সিগঞ্জের রাজারচর গ্রামের বাসিন্দা সারা মোহাম্মদ শহীদের বাবা শহীদ শিকদার এবং মা লতা আক্তার। তার নানাবাড়ি মুন্সিগঞ্জের কাঠাদিয়া এলাকায়।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই সারা পড়াশোনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী। ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পাশাপাশি মুন্সিগঞ্জের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখছে সে।
মুন্সিগঞ্জের এক কন্যার এমন ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যে ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গর্ব ও আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সারার এই অর্জন মুন্সিগঞ্জের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









