মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ
মুন্সিগঞ্জ, ২৩ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে কার্যক্রমের শুভ সূচনা করেছে স্বেচ্ছাসেবক লীগ।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয় স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচির নেতৃত্ব দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
ধান কাটা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোন দূর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সরকারি ঘোষিত লকডাউনের দ্বিতীয় ধাপে স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও টেলিহেলথ সার্ভিস, লাশ বহন, গোসল, জানাজা, দাফন ও সৎকারের ব্যবস্থা করেছে। অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিতে মানবতার ভ্যান চালু করা হয়েছে। সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ! সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি ,উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর,মুন্সি নজরুল ইসলাম, ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চল সহ স্থানীয় বিভিন্ন উপজেলা, পৌরসভা ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।





