মুন্সিগঞ্জের আলোচিত মাদক কারবারি ‘গাঁজা মনির’ ৫০০ ইয়াবা ও সুইচ গিয়ারসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৫ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের আলোচিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি মনির ওরফে ‘গাঁজা মনির’কে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার (সুইচ গিয়ার চাকু) ও একটি ছোরাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসিব আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনির ওরফে ‘গাঁজা মনির’ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ২৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ছোরা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই সামিউল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।









