বয়সভিত্তিক সাঁতারে সারাদেশে সেরা মুন্সিগঞ্জের মাইশা, জিতলেন ১০ স্বর্ণ ও গড়লেন ৪ জাতীয় রেকর্ড
মুন্সিগঞ্জ, ১৫ জুলাই ২০২৬, আজিজুল হক পার্থ (আমার বিক্রমপুর)
৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কৃতি সাঁতারু ফাতিহা মাহতাব মাইশা। প্রতিযোগিতায় তিনি ১০টি স্বর্ণপদক, ১টি রৌপ্যপদক এবং ৪টি জাতীয় রেকর্ড গড়ে ২০২৬ সালের সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মিরপুর-২-এর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডমিরাল এম নাজমুল হাসান (ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি)।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ফাতিহা মাহতাব মাইশা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম ও সামছুন নাহার পপির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাইশার সাঁতারে হাতেখড়ি হয় তাঁর নানা, আন্তর্জাতিক সাঁতারু এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সামছুল ইসলামের হাত ধরে। ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদের কাছ থেকেই ছোটবেলা থেকে সাঁতারের প্রাথমিক প্রশিক্ষণ নেন মাইশা।
বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর অধীনে চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেশের শীর্ষ তিন সাঁতার কোচ মাহফুজা আক্তার শিলা, নিয়াজ আহমেদ ও জুয়েল আহমেদ।
মেয়ের ধারাবাহিক সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা মাহতাব উদ্দিন মাসুম বলেন, আমার মেয়ে যেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, সবার কাছে সেই দোয়া চাই।









