মুন্সিগঞ্জে হাইওয়ের পাশে রেষ্টুরেন্টে পোটলায় বিক্রি হতো গাঁজা, ধরা পড়লো ৩ জন
মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রেস্তোরাঁটির মালিকপক্ষের একজন ও দুজন কর্মচারী রয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার তেতৈতলা এলাকার মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন রেস্তোরাঁটির মালিকপক্ষের আবদুল কাদির (৪৫), তাঁর বাবার নাম মৃত মানিক মিয়া। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায়। অপর দুজন হলেন কর্মচারী মিজান (৪০), তাঁর বাবার নাম মৃত আবু মিয়া; বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই কমপ্লেক্স এলাকায়। অন্যজন মো. আলম (২৬), তাঁর বাবার নাম আবদুর রব; বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের ছিন্নমূল (ছলিমপুর) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলের জেনারেটর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা একটি ট্রাংক থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়।
স্থানীয় সহায়তাকারী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে রেস্তোরাঁটির মালিকপক্ষের সহায়তায় সেখানে মাদক ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে তিনি দুইবার সেখানে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে বিষয়টি জানান তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









