মুন্সিগঞ্জে সড়কে প্রাণ হারানো অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলল পিবিআইয়ের অনুসন্ধানে
25

মুন্সিগঞ্জ, ১৬ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত এক ব্যক্তির পরিচয় দীর্ঘ সময় পর শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহত ব্যক্তি হলেন হাবিবুল্লাহ (৩৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অলিপুরা বাজার এলাকার কাজীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানা’বে ওয়াটার পার্কের সামনের ইউ-টার্নে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইমুন ইসলাম বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তাকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় বিষয়টি পিবিআইকে জানানো হয়।

পিবিআই মুন্সিগঞ্জের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান (বিপিএম)-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আবেদ আলী, এএসআই (নিরস্ত্র) মোফাজ্জল হোসেন, কনস্টেবল বিশ্বাস নাসির ও কনস্টেবল শাখাওয়াত হোসেন তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন।

দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ