মুন্সিগঞ্জে ঘাটলা নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার
মুন্সিগঞ্জ, ১৬ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঘাটলা নির্মাণকাজে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং নির্মাণসামগ্রী চুরির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা ও ঠিকাদার মো. আক্তার হোসেন ভূঁইয়া।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আক্তার হোসেন ভূঁইয়া বলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুরচর এলাকায় একটি ঘাটলা নির্মাণকাজের দায়িত্ব পালন করছেন তিনি। কাজ শুরুর পর থেকেই একটি পক্ষ বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আক্তার হোসেনের দাবি, গত ৮ জুন সকালে নির্মাণস্থলে গিয়ে তিনি দেখতে পান সেখানে রাখা সেন্টারিং কাঠ, প্রায় ২০০ কেজি রড এবং ১৫ থেকে ২০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নেই। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে তাঁর দাবি।
তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে এবং নির্মাণকাজে বাধা সৃষ্টি করতে রাতের আঁধারে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বড় বসুরচর এলাকার বাসিন্দা বাদশা মিয়া, ইয়াসিন, বায়েজিদ ও আওলাদ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আক্তার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









