মুন্সিগঞ্জে ভিমরুলের কামড়ে এক মাস আইসিইউতে থেকে প্রাণ গেল শিশুর
মুন্সিগঞ্জ, ৭ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ভিমরুলের (স্থানীয়ভাবে ভেঙ্গুর) কামড়ে গুরুতর আহত হওয়ার এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর মো. আয়াত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়াত লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মো. সাদেক শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই বাড়ির পাশের পশ্চিম মাইজগাঁও জামে মসজিদের সামনে তিন শিশু খেলাধুলা করছিল। এ সময় তাদের একজন ভিমরুলের চাকে ঢিল ছুড়লে ভিমরুলের ঝাঁক তিন শিশুর ওপর হামলা করে। এতে তিনজনই দংশনের শিকার হয়। অন্য দুই শিশু সামান্য আহত হলেও আয়াতের শরীরে অসংখ্য ভিমরুলের কামড় লাগে এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে বিভিন্ন গাছপালা ও জনবসতির আশপাশে ভিমরুলের চাক তৈরি হয়। তাই এ সময় শিশুদের খেলাধুলার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ভিমরুলের চাক দেখলে দ্রুত নিরাপদে অপসারণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।









