মুন্সিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে ১০৫মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহন থেকে ১০৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাত থেকে পৃথক তিনটি অভিযানে এসব জাটকা মাছ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর ক্রাউন সিমেন্টের পশ্চিম পাশে ধলেশ্বরী নদীতে কাঠের তৈরী ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশী করে ১২’শ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।
এছাড়াও ভোর সোয়া ৬ টার দিকে মুক্তাপুর টোল প্লাজার সামনে একটি ট্রাক তল্লাশী করে ২৪’শ কেজি ও সাড়ে ৭ টার দিকে অপর এক অভিযানে মিরকাদিম মাছ বাজার থেকে ৬’শ কেজি জাটকা মাছ ও ১৩’শ কেজি ছোট পাংগাস মাছ জব্দ করা হয়।
এসময় মাছ বহনকারী ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আব্দুল মোতালেব (৫০), হারাধন রাজবংশী (৩৮), ড্রাইভার মনির হোসেন (২৬) এবং মো. মামুন (১৯)।
এসময় গ্রেফতারকৃত ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফারুক আহাম্মেদ।
এসময় মুন্সিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছ মুক্তারপুর, মিরকাদিম বেদে পল্লী, কমলাঘাট সহ বিভিন্ন এলাকায় অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয় ।





