মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহফুজ খাঁ (৪০) সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকার মৃত সেরাজল খাঁর ছেলে। তিনি মামলার ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে পরাজিত ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন চর আব্দুল্লাহ এলাকার মাফিক নায়েবের পুত্র জসিম নায়েব।
বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থক ডা. নাসির, তার পুত্র শাকিল দেওয়ান ও অন্যান্যদের সাথে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি জসিম নায়েব ও তার পিতা-ভাইদের সাথে সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জসিম নায়েব (৩৫) মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা মাফিক নায়েব বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে একই মামলায় ১১ নম্বর আসামি মোহন মিয়া ও ১২ নম্বর আসামি জুয়েল সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসআই (নি.) এস এম রিয়াদুজ্জামানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাহফুজ খাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।





