‘ছাত্রীদের উত্যক্ত করিস না’—এই কথাতেই প্রাণ যায় নীরবের, অবশেষে গ্রেপ্তার আসামি
মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে আলোচিত স্কুলছাত্র গাজী দিল হোসেন নীরব হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় দুই বছর পলাতক থাকার পর আজ রোববার (২৬ এপ্রিল) উপজেলার উত্তর কামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রুমান (১৫)। তিনি শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকার হাফিজুর রহমান সুমনের ছেলে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীনগরের কামারগাঁও এলাকায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে খুন হন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র গাজী দিল হোসেন নীরব (১৬)। তিনি কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল। এ সময় বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে যুবক বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। নীরব এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে গেলেও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এর জের ধরে পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে কামারগাঁও চৌধুরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীরবের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, কয়েকজন যুবক তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীরবের বাড়ি চাঁদপুরে হলেও বাবার মৃত্যুর পর মা দুই সন্তানকে নিয়ে মামার বাড়ি শ্রীনগরের কামারগাঁও গ্রামে বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে নীরব ছিল বড়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ একাধিক আসামিকে গ্রেপ্তার করলেও রুমান দীর্ঘদিন পলাতক ছিলেন।
অবশেষে রোববার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শ্রীনগর থানা পুলিশ।





