মুন্সিগঞ্জে তাবলিগ জামাতের মালামাল চুরির সন্দেহে গণপিটুনিতে হত্যা: একজন গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হোসেন (২৭) হত্যার আলোচিত মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মত্তগ্রাম আটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ফিরোজ পাঠান ওরফে সিরু (৪৫)। তিনি উপজেলার মত্তগ্রাম (পাঠানবাড়ী) এলাকার মৃত কুরবান পাঠানের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ জুন ভোরে শ্রীনগর উপজেলার মত্তগ্রাম আটিপাড়া মেম্বারবাড়ী জামে মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের কাপড়চোপড় ও মোবাইল ফোন চুরির সন্দেহে শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ৬০ থেকে ৭০ জনের একটি দল তাঁকে শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম পাঠানবাড়ী এলাকার সুপার মার্কেট খালপাড়সংলগ্ন সড়কে নিয়ে যায়। সেখানে তাঁর দুই হাত, দুই পা ও গলায় রশি বেঁধে টানাহেঁচড়া এবং বেধড়ক মারধর করা হয়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় শাহাদাতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত, রক্তাক্ত জখম ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ফিরোজ পাঠানকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।









