মুন্সিগঞ্জে আলু উত্তোলন শ্রমিকের পাওনা টাকা না দিয়ে মামলার হুমকির অভিযোগ
মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় কাজের পাওনা টাকা চাইতে গিয়ে এক শ্রমিককে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা নিজাম মেলকার দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে আলু সরবরাহের সঙ্গে জড়িত। গত বছর একই এলাকায় কাজ করতে গেলে তাঁর কাছে স্থানীয় বিএনপি নেতা অ্যাপোলো বেপারী ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। পরে পরিস্থিতির চাপে তিনি ১ লাখ টাকা দিয়ে কাজ চালিয়ে যান বলে দাবি করেন।
ভুক্তভোগীর ভাষ্য, চলতি মৌসুমে পুনরায় কাজ শুরু করতে গেলে তাঁকে বাধার মুখে পড়তে হয়। এ সময় হাসাইল বানারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাপোলো বেপারী ও যুবদল নেতা মিজান বেপারী কাজের নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তাঁদের অধীনে কাজ করতে বাধ্য হন তিনি।
নিজাম মেলকার অভিযোগ করেন, কাজ শেষে পাওনা টাকা চাইতে গেলে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এমনকি মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় আলু সরবরাহ কার্যক্রম চালু রয়েছে এবং শ্রমিকরা কাজ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বস্তা আলু বহনে শ্রমিকদের ২৫ টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। যুবদল নেতা মিজান বেপারী বলেন, নিজাম মেলকারের কোনো পাওনা নেই এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও সঠিক নয়।
অন্যদিকে অ্যাপোলো বেপারী দাবি করেন, আলু সরবরাহের কাজে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, নিজাম মেলকার পূর্বে কাজ করার সময় পণ্যের ঘাটতির অভিযোগ ছিল। পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার এলে দলীয় নেতাকর্মীরা কিছু সুবিধা নেবেন—এটি স্বাভাবিক বিষয়।





