মুক্তারপুর সেতু থেকে শিশুসন্তানসহ ঝাঁপ দিতে যান নারী, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধারে পুলিশ
২১

মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিতে উদ্যত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেতুতে এ ঘটনা ঘটে।

ওই নারীর সঙ্গে থাকা শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। শিশুটি মেয়ে।

জানা গেছে, ঢাকা থেকে মুন্সিগঞ্জে আসার পথে ইবনে জাহেদ নামের এক যুবক সেতুতে বোরকা পরিহিত ওই নারীকে দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থেকে নেমে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে নারী কোনো উত্তর না দেওয়ায় তাঁর সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে ওই নারী ঝাঁপ দেওয়ার কথা জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার ও অমল চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও শিশুটিকে উদ্ধার করেন।

মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, পারিবারিক কলহের কারণে ওই নারী বিমর্ষ হয়ে পড়েছিলেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায়। পরে পুলিশ ওই নারী ও শিশুটিকে উদ্ধার করে তাঁদের স্বামী ও বাবার উপস্থিতিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ