মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ গেছে পথচারীর, পৃথক দুর্ঘটনায় আহত ৫
29

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে অজ্ঞাত যানবাহন এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অন্যদিকে সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে সার্ভিস সড়কে চাকা পাংচার হয়ে উল্টে যায় একটি পিকআপ।

এসময় আহত হন পিকআপে থাকা ৫ শ্রমিক।

তারা হলেন- আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। অধিকাংশের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে।

রাস্তা মেরামতের লেবার ও মালামাল নিয়ে পিকআপটি মাওয়ামুখী লেন দিয়ে যাচ্ছিলো।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।