বীরত্ব-সাহসিক ভূমিকার জন্য রাষ্ট্রীয় পুলিশ পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির আবুল কালাম আজাদ
৫৯৩

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নানা আলোচিত ঘটনার রহস্য উদঘাটন, অপরাধী শনাক্ত ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ পদকের জন্য (বিপিএম) নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

২০২৬ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, চারটি ক্যাটাগরিতে এবার মোট ৯২ জন পুলিশ সদস্যকে মর্যাদাপূর্ণ এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বীরত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাদের পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের অসীম বীরত্ব, সাহসিকতা এবং অনন্যসাধারণ পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। বার্ষিক পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ্য পুলিশ কর্মকর্তাদের এ পদক প্রদান করা হয়।

এসআই আবুল কালাম আজাদ শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের বাসিন্দা। ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। গত দুই বছর ধরে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত রয়েছেন।

মুন্সিগঞ্জে দায়িত্ব পালনকালে বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি। এর আগে ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছিলেন তিনি।

তার আলোচিত অভিযানগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির চেষ্টা। চলতি বছরের জানুয়ারিতে ডিবির একটি দলের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে এসআই আবুল কালাম আজাদ নেতৃত্বে ছিলেন। এছাড়াও মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি চেষ্টার আরও একটি আলোচিত ঘটনার নেতৃত্বে ছিলেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানেও তার নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ২০২৬ সালের মার্চে পদ্মা সেতু উত্তর থানার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায়ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবির অভিযান পরিচালিত হয়েছিল।

তার এই অর্জনে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জেলা পুলিশের সংশ্লিষ্টরা আশা করছেন, তার এই স্বীকৃতি মুন্সিগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত অন্য পুলিশ সদস্যদেরও উৎসাহিত করবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ