বাংলাবাজারে নদীভাঙনের খবর পেয়ে ছুটে গেলেন এমপি-ডিসি, শনিবার থেকেই কাজ শুরু
47

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখা নদীতে ভয়াবহ নদীভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে গেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তারা এবং আগামী শনিবার (৬ জুন) থেকে প্রতিরোধমূলক জিওব্যাগ ফেলার কাজ শুরুর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বুধবার (৩ জুন) দুপুরে সম্ভুহালদারকান্দি এলাকায় সরেজমিনে পরিদর্শনকালে নদীভাঙনের কারণে ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন তারা। স্থানীয় বাসিন্দারা ভাঙনের ভয়াবহতা তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

এ সময় সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, নদীভাঙনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ভাঙনকবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার থেকেই জরুরি কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে ভাঙনের বিস্তার রোধ করা যায় এবং মানুষের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারা জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আপদকালীন প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন শেষে এমপি ও জেলা প্রশাসক স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে দীর্ঘদিনের নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী এমপি ও জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন এবং দ্রুত কাজ শুরুর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, ঘোষণার বাস্তবায়ন হলে সম্ভুহালদারকান্দিসহ আশপাশের এলাকার শত শত পরিবার ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ