পদ্মাসেতু টোল প্লাজা এলাকায় কোটি টাকার বাগদা রেণু জব্দ
31

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৬, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। এ সময় রেণু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।

বুধবার (৩ জুন) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা এবং মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ বাগদা রেণু পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ পাত্রে সংরক্ষিত প্রায় ২২ লাখ পিস বাগদা রেণু পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, দেশে প্রচলিত মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে বাগদা রেণু আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ। বাগদা রেণু সংগ্রহের সময় বিপুল পরিমাণ অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণী নষ্ট হয়, যা নদী ও উপকূলীয় জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

তিনি আরও জানান, জব্দ করা বাগদা রেণুগুলো জীবিত অবস্থায় উদ্ধার হওয়ায় সেগুলো পরবর্তীতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে, যাতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হয়। এ ঘটনায় ট্রাকচালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।

মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, জলজ সম্পদ রক্ষা এবং অবৈধ বাগদা রেণু আহরণ ও পাচার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্টদের আইন মেনে মৎস্যসম্পদ আহরণ ও পরিবহনের আহ্বান জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ