‘বড় ভাইয়ের পেছনে স্লোগান দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না’
35

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আজকাল আমাদের মুন্সিগঞ্জ-এর আনাচে-কানাচে তাকালে দেখা যায়, পড়ালেখার চেয়ে রাজনীতিটাই যেন বড় নেশা হয়ে দাঁড়িয়েছে। পাড়া-মহল্লায় ঘরে ঘরে এখন শুধু “নেতা” তৈরির প্রতিযোগিতা। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে প্রশ্ন আসে—যাকে আপনি নিজের “লিডার” ভাবছেন, তার সন্তান এখন কোথায়?

খোঁজ নিলে দেখা যাবে, অনেক নেতার সন্তানই দেশের বাইরে উচ্চশিক্ষায় ব্যস্ত। কেউ আমেরিকা, কেউ ইতালি, আবার কেউ ফ্রান্সের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কাউকে যখন জিজ্ঞেস করা হয়, “আপনার ছেলে কী করে?” তখন তিনি গর্বের সঙ্গে বলেন, “আমার ছেলে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে।”

অথচ সেই নেতার পেছনে ঘুরতে গিয়ে যখন কোনো তরুণ নিজের পড়াশোনা থেকে দূরে সরে যায়, তখন তার বাবা সমাজের কাছে মাথা নিচু করে বলতে বাধ্য হন, “আমার ছেলে পড়ালেখা ছেড়ে অমুক নেতার পেছনে ঘুরে বেড়ায়।” একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?

রাজনীতি অবশ্যই খারাপ কিছু নয়। সমাজ ও রাষ্ট্রের জন্য সচেতন রাজনীতি প্রয়োজন। কিন্তু নিজের ভবিষ্যৎ, ক্যারিয়ার ও শিক্ষাজীবন বিসর্জন দিয়ে অন্যের হাতিয়ার হয়ে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না।

কয়েকদিন আগে এক মায়ের আক্ষেপভরা কণ্ঠে বলা কথাগুলো মনে পড়ে—
“ছেলেরে অনেক কষ্ট করে মানুষ করতে চাইছিলাম, কিন্তু ও এখন রাজনীতি করে। ভয়ে থাকি কখন কী হয়ে যায়! এইচএসসি পরীক্ষাটা দিলেই ওরে বিদেশে পাঠিয়ে দেব, অন্তত ছেলেটা তো বাঁচবে!”

এই কথার ভেতরেই লুকিয়ে আছে অসংখ্য বাবা-মায়ের দুশ্চিন্তা, ভয় আর হতাশা। কারণ প্রতিটি বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তান লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, নিজের পরিচয়ে পরিচিত হবে।

তাই তরুণদের প্রতি আহ্বান—অন্ধ অনুসরণ নয়, আগে নিজের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিন। বড় ভাইয়ের পেছনে স্লোগান দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। দিনশেষে কোনো নেতা নয়, আপনার বিপদে সবচেয়ে আগে পাশে দাঁড়াবেন আপনার বৃদ্ধ বাবা-মাই।

রাজনীতি করুন, সচেতন থাকুন, কিন্তু সবার আগে নিজের শিক্ষা ও ক্যারিয়ারকে গুরুত্ব দিন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যেন একদিন আপনি নিজেই নিজের পরিচয় হয়ে উঠতে পারেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ