পঞ্চসারে রঙ মেখে শোক স্মরন, থামিয়ে দিলেন মেয়র
শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে অতি আনন্দে রঙারঙিতে মেতে উঠলেন মুন্সিগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে।
পঞ্চসার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফার দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজি ফয়সাল বিপ্লব।
এ ব্যাপারে তিনি বলেন, আগস্ট শোকের মাস, আনন্দের নয়। এই মাসে পারত পক্ষে কেউ রঙারঙি করে না। রঙারঙি করতে চাইলে এলাকা ছেড়ে মাঠে গিয়ে করো।
এরপর এ রঙারঙি থেকে বিরত হন নেতাকর্মীরা।
পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন খান বলেন, পঞ্চসার আওয়ামী লীগের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত চেয়ারম্যানকে। সেখানে পৌর মেয়র ফয়সাল বিপ্লব প্রধান অতিথি ছিলেন। সাধারণ জনগণ রঙারঙি করেছেন। এতে মেয়র শোকের মাসে রং খেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সাধারণ লোকজন ছাড়াও সেখানে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে পঞ্চসার ইউপি নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন গোলাম মোস্তফা।







