দুই সন্তানের জননীকে রেখে পরকীয়ায় আসক্ত স্বামী: মুন্সিগঞ্জে স্ত্রীর সংবাদ সম্মেলন
মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা আক্তার (৩৪) নামে এক নারী। তাঁর অভিযোগ, স্বামী আকরাম হোসেন ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকা গুলশানা মিলে তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করেছেন।
সেলিনা আক্তার উপজেলার বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দী গ্রামের আওলাদ প্রধানের মেয়ে এবং ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডসংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরেন সেলিনা।
সংবাদ সম্মেলনে সেলিনা আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী আকরাম হোসেন দীর্ঘদিন ধরে গুলশানা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত। বিষয়টি জানতে পেরে তিনি স্বামীকে এ বিষয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে তিনি স্বামী ও ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন। এরপর স্বামী ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকা মিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ করেন সেলিনা।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুই সন্তানকে নিয়ে নিরাপদে বেঁচে থাকার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘গতকাল এমন একটি খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









