টার্গেট ছিল বিদেশ ফেরত প্রবাসী, মুন্সিগঞ্জ থানার পাশের এলাকায় দেহ ব্যবসার আস্তানায় খদ্দেরসহ আটক ১০
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার মালপাড়া এলাকায় ভাড়া করা একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালিয়ে ৯ নারী ও এক খদ্দেরসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, প্রবাসীদের টার্গেট করেই পরিচালিত হচ্ছিল এই চক্রের কার্যক্রম।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানার একটি দল এলাকাবাসীর সহায়তায় পৌর এলাকার ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। আটককৃতদের নাম-পরিচয়ও জানা যায়নি।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ ও সন্দেহ ছিল। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় ৯ নারী ও এক খদ্দেরকে আটক করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রের মূলহোতা হিসেবে সন্দেহভাজন দুই নারীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করতেন। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিদেশফেরত ও প্রবাসীদের বিশেষভাবে টার্গেট করতো এই চক্র। অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, থানার কাছাকাছি এলাকায় এমন কার্যক্রম দীর্ঘদিন চললেও বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেত না। সাম্প্রতিক সময়ে এলাকাবাসী একজোট হয়ে পুলিশকে তথ্য দিলে অভিযান পরিচালনা করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





