মুন্সিগঞ্জে শহরের উত্তর কোর্টগাও গোপন ফ্ল্যাটে দেহ ব্যবসা, মধ্যবয়সী-স্বামী পরিত্যক্তা ৯ নারীসহ আটক ১০
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাও এলাকায় মোল্লা কুটির নামের একটি ভবনের ভাড়া করা ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালিয়ে ৯ নারী ও এক খদ্দেরসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে টার্গেট করেই পরিচালিত হচ্ছিল এই চক্রের কার্যক্রম।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানার একটি দল এলাকাবাসীর সহায়তায় পৌর এলাকার ওই ফ্ল্যাটের ৪তলা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের বেশিরভাগেরই বয়স ৩৫-৫০ এর মধ্যে। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর, টংগিবাড়ী, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নোয়াখালী বরিশালসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি মুন্সিগঞ্জে আসে তারা। বেশিরভাগই স্বামী পরিত্যক্তা।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সদর উপজেলার নতুনগাও এলাকার বাসিন্দা এক খদ্দের ওই ফ্ল্যাটে গিয়ে বিপদের মুখে পড়েন। পরে তিনি নিচে নেমে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, বিদেশফেরত ও প্রবাসীদের বিশেষভাবে টার্গেট করতো এই চক্র। অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।





