আড়িয়াল বিলে অবৈধ মাটি কাটা ও ভরাট: ৮ জনের কারাদণ্ড, অর্থদণ্ড ৪ লক্ষাধিক টাকা
মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিলের হাসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট ও বিলের অন্যান্য এলাকায় অবৈধভাবে মাটি কর্তন ও বালি ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল।
অভিযানে আড়িয়াল বিলের পরিবেশগত ভারসাম্য বিনষ্ট করে অবৈধভাবে মাটির উপরের স্তর কাটাসহ ভরাটের অভিযোগে মোট ৮টি মামলায় ৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ৩০ দিন করে এবং অপর ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে মোট ৪ লাখ ৪ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় শ্রীনগর থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করে।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম রব্বানী সোহেল বলেন, জনস্বার্থে আড়িয়াল বিলসহ পুরো শ্রীনগর উপজেলায় মাটি কর্তন, অবৈধ ড্রেজার ও বালু ভরাটের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








