মুন্সিগঞ্জে ‘কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করায়’ ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ ৩ মার্চ বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় অভিযান চালানো হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন। এ সময় সিরাজদিখান থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় তিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের জরিমানা করা হয়।
মেসার্স খোশাল মাদবর ব্রিকসের ব্যবস্থাপক বনি আমিন ও মেসার্স সামাদ ব্রিকসের ব্যবস্থাপক লালনকে দুই লাখ টাকা করে এবং ইকোসিরামিক্স লিমিটেডের ব্যবস্থাপক ইমতিয়াজ মামুনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


