২৫ মার্চ: বিভীষিকার স্মরণে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান
মুন্সিগঞ্জ, ২৫ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মো. মাসুদুর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষিকাময় ঘটনাবলী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বাঙালি জাতির ওপর সংঘটিত নির্মম গণহত্যা এবং মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।





